বরিশালে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের — বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে একদল লোক নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভবনের কোনো ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করে ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
প্রতিনিধির নাম 






















