ঝিনাইদহে সাবেক স্ত্রীর হত্যার — ঝিনাইদহ শহরে সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে।
নিহত সুমাইয়া শহরের কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। আটক মেরাজ জেলা সদরের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সিদ্দিক মল্লিকের ছেলে এবং পেশায় দিনমজুর। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে সুমাইয়া ও মেরাজের বিয়ে হয় এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক বিরোধের কারণে ২০২৩ সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর সুমাইয়া বাবার বাড়িতে বসবাস করতে থাকেন। পরে সন্তানের ভরণপোষণের টাকা চেয়ে সুমাইয়ার পরিবার ঝিনাইদহ আদালতে মামলা করে। আদালত মেরাজকে ছেলের খরচ বাবদ টাকা দেওয়ার নির্দেশ দেন। তবে মেরাজ উচ্চ আদালতে আপিল করলেও আগের নির্দেশ বহাল থাকে। টাকা দেওয়ার বিষয়ে তাদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
বুধবার সকালে সুমাইয়া তার ছেলেকে স্কুল থেকে আনতে বাবর আলী মোড়ে যান। সেখানে মেরাজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেরাজ সুমাইয়ার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করেন। এ সময় ধস্তাধস্তিতে মেরাজের মাথার পেছনেও ইটের আঘাত লাগে। স্থানীয়রা সুমাইয়াকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমাইয়ার ভাই রাতুল হোসেন বলেন, বিচ্ছেদের পর আদালতের মাধ্যমে সন্তানের ভরণপোষণের টাকা দিতে মেরাজকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার ভয়ে মেরাজ কয়েকবার সুমাইয়াকে হত্যার চেষ্টা করেছেন। এবার সত্যিই তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার কঠোর শাস্তি চান।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিফা আশরাফী আইভি জানান, সুমাইয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় এবং তার শরীর, হাত, পা ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। অভিযুক্ত মেরাজ দাবি করেন, তিনি ঢাকা থেকে বৈদ্যুতিক সামগ্রী কিনে ঝিনাইদহে খুচরা বিক্রি করেন এবং তার আয় খুবই কম।
মেরাজ অভিযোগ করেন, ষড়যন্ত্র করে আদালতের মাধ্যমে ছেলের ভরণপোষণ বাবদ মাসে ৬০ হাজার টাকা এবং প্রতিবছর ৮০০ টাকা বাড়ানোর নির্দেশ নেওয়া হয়েছে, যা তার সামর্থ্যের বাইরে। তিনি দাবি করেন, সুমাইয়াকে মারেননি এবং ছেলেকে দেখতে সেখানে গিয়েছিলেন। মেরাজের দাবি, সুমাইয়ার পরিবারের লোকজন ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে এবং মারধর করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সন্তানের ভরণপোষণের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মেরাজকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধির নাম 






















