সরকারের ব্যর্থতা প্রমাণিত জামায়াত — জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকারের ভেতরেই একটি ছায়া সরকার কাজ করছে। তিনি দাবি করেন, প্রশাসনের দায়সারা কর্মকাণ্ড জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, যা জনগণের কাছে প্রমাণিত হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় দলের মহানগর উত্তর কার্যালয়ে তুরাগ উত্তর থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন থানা আমির মো. মতিউর রহমান। সেলিম উদ্দিন বলেন, আমাদের আরও সজাগ হতে হবে এবং প্রিয় জন্মভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, সে সরকার জনগণের সরকার নয়। তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এই সরকারের প্রথম ব্যর্থতা হলো জনগণের ৭০ শতাংশ ভোটের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা।
তিনি আরও বলেন, সরকার আজ জাতির সঙ্গে গাদ্দারি করেছে, যার মাশুল তারা দেওয়া শুরু করেছেন। সেলিম উদ্দিন বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে জুলাই সংস্কারের যে শপথ নেননি, সেই ভুলের মাশুল দিয়ে জুলাই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করুন।
তিনি সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক কাঠামোয় রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের শাসনব্যবস্থা বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করার ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
এ সময় তিনি সংগঠনের কর্মীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তারা যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন কি না, তা তদারকির ওপর গুরুত্বারোপ করেন। সেলিম উদ্দিন সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রতিনিধির নাম 
























