শেখ নিয়াজ মোহাম্মদ, আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি চৌকস আভিযানিক দল ৪ মার্চ ২০২৬ রাত ১০টা থেকে ৫ মার্চ ২০২৬ সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ কাউসার আহম্মেদ ওরফে পলাশ (৩০), মোঃ খোকন (২৯), সাজ্জাদ জামান ওরফে সোয়াদ (২৪), শামীম (২০), বিজয় (২৮), মোঃ শরীফ (৩১), তাজেল খান (২৬) ও মোঃ এনামুল হক (৩০)।
এ সময় তাদের হেফাজত থেকে ২১০ পুরিয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাতভর অভিযান চালিয়ে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জ এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে ।
প্রতিনিধির নাম 


















