সাইফুল ইসলাম, রামগড়: খাগড়াছড়ির রামগড় ও চট্রগ্রাম জেলার জোরালগঞ্জ উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রামগড় জোন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ ছোটফরিংগা সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় ভারত থেকে তিনজন চোরাকারবারীকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।পরবর্তীতে টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ফেলে যাওয়া তিনটি বস্তা থেকে ১৫টি ছোট প্যাকেটে মোড়ানো মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার, মাদকদ্রব্যের অবৈধ পাচার রোধ এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
প্রতিনিধির নাম 
















