আলোকিত কাগজ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বন্ধ পোশাক কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সানারপাড় কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. জসীম উদ্দীন (৪২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মৃত আবদু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে কারখানার গেট খোলার কথা থাকলেও তা খোলা হয়নি। সময় গড়ালেও গেট বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কারখানার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে একটি মশারির মধ্যে জসীম উদ্দীনের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ শিরোনাম ::
বন্ধ কারখানায় রহস্যজনক মৃত্যু: সিদ্ধিরগঞ্জে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০১:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















