আলোকিত কাগজ প্রতিবেদক:
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমেছে গভীর শোক। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই ক্ষতিতে গভীরভাবে শোকাহত।
প্রয়াত এই মহান নেত্রীর নামাজে জানাজা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, বাদ জোহর, রাজধানীর ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতা–কর্মী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী ও এক মহীয়সী অভিভাবক বেগম খালেদা জিয়ার বিদায়ে জাতি হারালো গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের ভোটাধিকার আন্দোলনের এক অবিচল সাহসী নেত্রীকে। দেশের মানুষ মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও দলীয় নেতা–কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
এদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একজন অবিচল নেতা ছিলেন। স্বৈরশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান জাতিকে সবসময় প্রেরণা যুগিয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁর সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে ধৈর্য দান করুন—আমিন।
প্রতিনিধির নাম 




















