ডিমলায় কীটনাশক ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি — নীলফামারীর ডিমলা উপজেলায় শীতকালীন আগাম সবজির আবাদ চলছে। কৃষকরা ফসল রক্ষায় বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন। তবে অনেক কৃষক সঠিক পরামর্শ ও নির্ধারিত মাত্রা না জেনে অনুমান, অন্যের দেখাদেখি কিংবা দোকানদারের পরামর্শে এসব রাসায়নিক প্রয়োগ করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি রবি মৌসুমে ডিমলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ, গম ও সরিষার মতো ফসলের জন্য নির্দিষ্ট জমির পরিমাণ রয়েছে। এছাড়া শীতকালীন সবজির জন্য ১ হাজার ৫৯ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছেন। তবে অনেক কৃষক জানেন না কোন কীটনাশক কিভাবে এবং কতটুকু ব্যবহার করতে হবে। কুটিরডাঙ্গা এলাকার কৃষক লোকমান হোসেন বলেন, ‘এই ওষুধ দিলে পোকা মারা যায়, এটুকুই জানি। কতটুকু দিতে হবে, তা নির্দিষ্ট করে জানা নেই।’
অন্য এক কৃষক নূর হোসেন জানান, ‘পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কীটনাশক ব্যবহার করতে হয়। দোকানদারের পরামর্শে কিংবা অন্যদের দেখাদেখি ওষুধ দিই। তবে কোন ওষুধ কতটুকু দিতে হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা নেই।’
গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, ‘অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত রাসায়নিক কীটনাশক ব্যবহারে মাটির উপকারী জীব ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।’
ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আতিকুজ্জামান খান বলেন, ‘কীটনাশক ব্যবহারের সময় শ্বাস-প্রশ্বাস, ত্বকের সংস্পর্শ কিংবা দুর্ঘটনাবশত গ্রহণের মাধ্যমে রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। কিছু কীটনাশকের দীর্ঘমেয়াদি সংস্পর্শে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আ. ন. ম. শিবলী সাদিক বলেন, ‘জমিতে পোকা দেখা দিলেই কীটনাশক প্রয়োগ করা উচিত নয়। আগে পোকার ধরন ও আক্রমণের মাত্রা শনাক্ত করতে হবে। এরপর অনুমোদিত কীটনাশক লেবেলে উল্লেখিত মাত্রায় ব্যবহার করতে হবে।’
কৃষিবিদ মীর হাসান আল বান্না জানান, ‘উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড দেওয়া হয়েছে। কৃষকদের নিরাপদ ও সঠিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহারে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুমোদিত কীটনাশকের তালিকাও সরবরাহ করা হয়েছে।’
এদিকে, কৃষকদের স্বাস্থ্য ও পরিবেশের নিরাপত্তার জন্য কীটনাশক ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন। কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শের মাধ্যমে নিরাপদ কৃষি চর্চার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রতিনিধির নাম 

























