খাগড়াছড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিন — খাগড়াছড়িতে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করে উপযুক্ত প্রমাণসহ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। সাদিক কায়েম বলেন, খাগড়াছড়িতে তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিন সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব সরকারের।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, আজকের ঘটনাসহ নিষিদ্ধ লীগের প্রতিটি অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করতে হবে। তিনি সরকারের নিষ্ক্রিয়তায় বিস্ময় প্রকাশ করে বলেন, জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের পর সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ডাকসুর ভিপি স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জনগণের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে যিনি ১৮ কোটি মানুষের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন, নিষিদ্ধ লীগের অব্যাহত সন্ত্রাস ও হামলা অস্বীকার করে হাস্যকর মন্তব্যের মাধ্যমে নিজের ব্যর্থতা আড়াল করতে চান, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের প্রয়োজন নেই।
হামলার পর যারা পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাদিক কায়েম বলেন, বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জামায়াত ও ছাত্রশিবিরের দায়িত্বশীল, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন, ডাকসুসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন।
বিশেষ করে তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে পরিবারের সহায়তায় দাঁড়ানোর জন্য প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাদিক কায়েম বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন।
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভুলে গেছে, শেখ হাসিনার মতো বিশ্বাসঘাতকরাই পালায়, দেশপ্রেমিকরা নয়। তিনি বলেন, আমরা তিতুমীর, শরিয়তউল্লাহ, ঈসা খাঁ ও শহীদ ওসমান হাদির সংগ্রামের উত্তরসূরি। এসব কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল আরও দৃঢ় করেছে।
সাদিক কায়েম বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এখন আরও দ্বিগুণ শক্তিতে চলবে। তিনি বলেন, এই দেশের মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আধিপত্যবাদের সব রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি উৎখাত করেই ছাড়ব, ইনশাআল্লাহ।
প্রতিনিধির নাম 




















