গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে — গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টসে একজন শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করে। এর ফলে ওই গার্মেন্টস এবং আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেয়। তাদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছে। এই গুজবের প্রেক্ষিতে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে আঞ্চলিক সড়ক অবরোধ করে। পুলিশ তাদের বুঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন এবং পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেতন বাড়ানোর দাবিতে সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজারের নতুন বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। একাধিক পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে অবরোধ শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক আটকে বিক্ষোভ করেন। অবরোধের কারণে যানবাহন আটকে পড়ে এবং যাত্রী ও চালকদের ভোগান্তির শিকার হতে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শিল্প পুলিশ, জেলা পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, বেলা সোয়া ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন। শুধু সদর উপজেলাই নয়, মহানগরের কোনাবাড়ী এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন।
শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে একাধিক এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে গাজীপুরে সকাল থেকেই অচলাবস্থা তৈরি হয়েছে।
প্রতিনিধির নাম 























