ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের জন্য — আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বিভিন্ন ছুটি মিলিয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকবে। প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন, আবার কোথাও ১৮ দিন পর্যন্ত ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বর্ষপঞ্জিতে এসব ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে, যা ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০ ডিসেম্বরের আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি পাবেন। এর মধ্যে ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিনের ছুটিও রয়েছে।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এ ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি ভোগ করবেন।
অন্যদিকে, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। সব মিলিয়ে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে টানা ১৮ দিনের ছুটি হবে।
মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।
এই ছুটির মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। তবে এর সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত হলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।
প্রতিনিধির নাম 






















