ব্যাংকের বাইরে নগদ টাকার — বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ টানা তিন মাস ধরে কমছে। গত মে মাসে নগদ অর্থের পরিমাণ ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকায় পৌঁছালেও জুন থেকে এটি ধারাবাহিকভাবে কমতে শুরু করে। সর্বশেষ সেপ্টেম্বর শেষে নগদ টাকার পরিমাণ নেমে এসেছে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকায়।
এতে দেখা যাচ্ছে, চার মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ অর্থ ৩৮ হাজার ৩০৮ কোটি টাকা কমেছে। একই সময়ে কমেছে ছাপানো টাকার পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উচ্চ মূল্যস্ফীতি এবং কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকটের কারণে মানুষ ব্যাংকে টাকা জমা রাখার পরিবর্তে হাতে নগদ অর্থ রাখাকে নিরাপদ মনে করছিল। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের বাইরে নগদ অর্থ কমে আসা থেকে ধারণা করা যায়, মানুষ আবার ব্যাংকিং ব্যবস্থায় টাকা ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে আস্থাশীল ব্যাংকগুলোতে আমানত রাখার প্রবণতা বাড়তে পারে।
তারা আরও বলেন, ব্যাংকের বাইরে দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ নগদ অর্থ অবস্থান করলে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতের তারল্য ব্যবস্থাপনা এবং ঋণপ্রবাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বাড়তে থাকে। জানুয়ারিতে মানুষের হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ছিল ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার ৪০৪ কোটি টাকা এবং মার্চে আরও বেড়ে হয় ৩ লাখ ৩ হাজার ১৮ কোটি টাকা।
এপ্রিল মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ ৩ হাজার ৫৯৩ কোটি টাকা কমে যায়। তবে মে মাসে আবার বড় ধরনের উল্লম্ফন ঘটে, ওই মাস শেষে নগদ অর্থের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪৯ হাজার ৩৭৪ কোটি টাকা। এরপর জুন থেকে টানা কমতে থাকে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ। জুনে তা কমে ৩ লাখ ৩৬ হাজার ৩৭৫ কোটি টাকা, জুলাইয়ে ৩ লাখ ২৮ হাজার ৬৬৮ কোটি টাকা এবং আগস্টে ৩ লাখ ১৯ হাজার ৯৬ কোটি টাকায় নেমে আসে।
সর্বশেষ সেপ্টেম্বর শেষে তা আরও কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১১ হাজার ৬৬ কোটি টাকা। একক মাসের হিসাবে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে নগদ অর্থ কমেছে ৮ হাজার ৩০ কোটি টাকা। সাধারণত ব্যাংক থেকে উত্তোলনের পর যে নগদ অর্থ ব্যাংকিং ব্যবস্থায় পুনরায় জমা পড়ে না, সেই অর্থকে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থ বা কারেন্সি আউটসাইড ব্যাংক হিসেবে বিবেচনা করা হয়।
এদিকে, মানুষের হাতে থাকা নগদ অর্থের পাশাপাশি কমেছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা ভিত্তিমুদ্রার পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত আগস্ট শেষে রিজার্ভ মানির স্থিতি ছিল ৪ লাখ ৬০ হাজার ২৬৪ কোটি টাকা। সেপ্টেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯২৭ কোটি টাকা। সে হিসাবে এক মাসে রিজার্ভ মানি কমেছে ৯ হাজার ৩৩৭ কোটি টাকা।
অর্থনীতিতে রিজার্ভ মানি গুরুত্বপূর্ণ একটি সূচক। এর মধ্যে রয়েছে জনগণের হাতে থাকা নগদ অর্থ এবং ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকে রাখা নগদ সংরক্ষণসহ অন্যান্য দায়। মুদ্রা সরবরাহ ও ব্যাংক খাতের তারল্য ব্যবস্থাপনায় এই অর্থের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রতিনিধির নাম 






















