প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের সঙ্গে — দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক।
এনসিপি বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবি তুলবে। এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবে দলটি।
সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে তাঁর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক শীর্ষ নেতা অংশ নিতে পারেন। এনসিপির একটি সূত্র জানায়, দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।
গতকাল রাতেই বৈঠক করে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য দলীয় এজেন্ডা ঠিক করার কথা জানিয়েছে এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ বৈঠককে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তবে সংলাপে অংশ নেওয়াকে রাজনৈতিক ঐক্যের বিষয়ে সম্মতি হিসেবে দেখছে না দলটি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে কয়েকটি মৌলিক বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে এ পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন।’
নাহিদ ইসলাম আরও বলেন, সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে।
এদিকে, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে বৈঠক হবে। পরে প্রয়োজন হলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হতে পারে।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরবেন। এরপর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াত নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। তবে জামায়াতের কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনো আমন্ত্রণ পায়নি জামায়াতে ইসলামী।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। ৯ নভেম্বর রাতে বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের পর ১০ নভেম্বর ধর্মঘটকে কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই দিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানায়। গত শনিবার রাজধানীতে এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন।
প্রতিনিধির নাম 






















