শ্রীপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ — গাজীপুরের শ্রীপুরে টানা চার দিন ধরে চলা শ্রমিক আন্দোলনে মজুরি বৃদ্ধির দাবিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আজ (২৪ নভেম্বর) বিকেলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন, ফলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এদিকে, সকালে ক্ষুব্ধ শ্রমিকরা দুই দফা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ টিয়ারশেল ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। দুপুরের পর একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে পৌরসভার মাধখলা এলাকার ইশরাক স্পিনিং মিলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় ভেতরে কর্মরত শ্রমিকেরা কারখানার পেছনের গেট দিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন।
হ্যামস গার্মেন্টসে একই ধরনের হামলার ঘটনা ঘটে। বহিরাগত শ্রমিকেরা কারখানার প্রধান গেটে হামলা চালালে কর্মকর্তারা পেছনের গেট দিয়ে পালিয়ে যান। পরে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে আশপাশের বিভিন্ন কারখানা বন্ধের চাপ দিলে অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা কাজে যোগ দেন এবং শিল্পাঞ্চল এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছিল। তবে দুপুরের দিকে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে গিয়ে সেসব কারখানা বন্ধের চাপ দেন।
ইশরাক স্পিনিং মিলের নারী শ্রমিক খালেদা আক্তার জানান, দুপুরে লাঞ্চ আওয়ার চলছিল। বহিরাগত শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। আতঙ্কিত হয়ে তাঁরা প্রাণ বাঁচাতে বের হয়ে আসেন।
হ্যামস গার্মেন্টসের শ্রমিক জিয়াউল ইসলাম বলেন, সকালে শান্ত পরিবেশ ছিল। দুপুরের পর বহিরাগত শ্রমিকদের হামলার চেষ্টা হলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
বিকেল সাড়ে চারটার দিকে কেওয়া ফখরুদ্দিন মোড়ের গাড়োপাড়া এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ সংঘবদ্ধ শ্রমিকদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়ে। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, শ্রমিকেরা মহাসড়কে ওঠার চেষ্টা করেন, তবে পুলিশ বল প্রয়োগ করে তাঁদের সরিয়ে দেয়। মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।
বৈরাগীর চালা এলাকার মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, শ্রমিকদের মিছিল দেখে দোকানপাট বন্ধ করে দেন। তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক হামলা করছেন, তবে বেশির ভাগ শ্রমিক শান্ত।
ভিক্টোরিয়া গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মো. আল আমীন জানান, বেলা তিনটার দিকে কারখানা ছুটি দেওয়া হয়। আশপাশে উত্তেজনা থাকায় ছুটি দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিকেরা নাশকতার চেষ্টা করছেন। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। তিনি জানান, মঙ্গলবার ৭০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
প্রতিনিধির নাম 





















