আলোকিত কাগজ প্রতিবেদক:নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় র্যাব-১১ এর অভিযানে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’—এই স্লোগানকে সামনে রেখে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত অপরাধী গ্রেফতারের ফলে বাহিনীটি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহল দল একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পায়।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশির নিয়ম অনুসরণ করে উত্তর-পূর্ব সাই মহল্লা, নিশ্চিতপুর এলাকায় আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মো. রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ভেতরে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপ গান, ককটেল ও গুলি উদ্ধার
-
প্রতিনিধির নাম - আপডেট সময় : ০১:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- ৮৩ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















