আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং আসনের রামগড় উপজেলায় ২০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭.৩০টা থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত বিরতিহীনভাবে এসব কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটকক্ষ প্রস্তুত, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, কালি ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বচ্ছ রাখতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা নিজ নিজ কেন্দ্রে দায়িত্ব গ্রহণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানা গেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কঠোর নজরদারি রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটারকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
রামগড়ে ২০টি ভোটকেন্দ্রে সব প্রস্তুতি সম্পন্ন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনের কঠোর অবস্থান, ভ্রাম্যমাণ টিম প্রস্তুত
-
সাইফুল ইসলাম (খাগড়াছড়ি প্রতিনিধি) - আপডেট সময় : ০৩:২৯:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- ৮১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















