মো হারুন অর রশিদ উখিয়া প্রতিনিধি:আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের হিফজুল কোরআন কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশের মধ্যে ৫ম স্থান অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর মেধাবী ছাত্র মো. আফফান।
সেই থাইংখালীস্থ জামতলী দারুন কোরআন মাদ্রাসার শিক্ষার্থী। তার এ অভাবনীয় সাফল্যে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে মাদ্রাসার সুনাম দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।
প্রতি বছর আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস দেশের বিভিন্ন কওমী মাদ্রাসা থেকে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক কেন্দ্রীয় পরীক্ষার আয়োজন করে থাকে। হাজারো পরীক্ষার্থীর মধ্য থেকে মেধাতালিকায় শীর্ষ দশে স্থান অর্জন করা অত্যন্ত গৌরবের বিষয় বলে সংশ্লিষ্টরা জানান।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আফফানের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
তারা আরও বলেন, জামতলী দারুন কোরআন মাদ্রাসা বরাবরই মানসম্মত দ্বীনি শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আফফানের এ কৃতিত্বে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ও তার পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
স্থানীয়রা মনে করছেন, আফফানের এই অর্জন শুধু তার পরিবার বা মাদ্রাসার নয়, বরং পুরো উখিয়া উপজেলার জন্য গর্বের বিষয়।
প্রতিনিধির নাম 


















