ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানাধীন বাহারছড়া কচ্ছপিয়া এলাকার কথিত মানব পাচারকারী মো. আব্দুল আলীর বাড়ির একটি গুদামঘরে আটকে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সমন্বয়ে ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গুদামঘরে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 





















