মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পৌর শহরের কোর্ট মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। গভীর শ্রদ্ধা ও নীরবতার আবহে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হয়ে বাংলা ভাষার জন্য আত্মদানকারী মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় তিনি ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
প্রতিনিধির নাম 



















