মনির হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল–এ রোগী পরিবহনের কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের একটি অংশ শনিবার (৭ মার্চ) প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক ছাড়াই ট্রলি ঠেলে রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়ার কাজ করে আসছেন। এ সময় তারা রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নিয়ে থাকেন।
তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত সম্প্রতি সিদ্ধান্ত দেন যে ট্রলি ঠেলার কাজে রোগীর স্বজনদের কাছ থেকে কোনো ধরনের টাকা নেওয়া যাবে না। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচি থেকে তারা দাবি জানান, রোগীর স্বজনদের কাছ থেকে টাকা না নেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় স্বেচ্ছাসেবকদের কাজের বিনিময়ে সরকারি বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।
তবে কর্মসূচির সময় তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত অফিসে উপস্থিত না থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবকরা কর্মসূচি সমাপ্ত করে নিজ নিজ কাজে ফিরে যান।
প্রতিনিধির নাম 

















