ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজার শহরের আলোচিত একটি ছিনতাই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানার লাবণী পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভোর ৬টার দিকে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ফুটেজ দিনভর সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে মাঠে নামে কক্সবাজার সদর থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লাবণী পয়েন্ট এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় ভাইরাল ভিডিওতে শনাক্ত দুই ছিনতাইকারীসহ কয়েকজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—খায়রুল আমিন ওরফে মুন্না (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা; বর্তমানে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় বসবাস করেন।
আব্দুর শুক্কুর (২৫), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, খায়রুল আমিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ১৮টির বেশি মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আব্দুর শুক্কুরের বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ কয়েকটি মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধির নাম 



















