সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন-এ গ্রামীণ সড়ক নির্মাণকাজে চরম ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম শুরু হতেই সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয়দের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে প্রায় ৪ দশমিক ৯৫০ কিলোমিটার সড়কের ইটের সলিং তুলে কার্পেটিং (বিটুমিনাস) করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ বরাদ্দ প্রদান করে। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এমএস রিফ এন্টারপ্রাইজ ও ইমু এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি দুই ভাগে বাস্তবায়নের দায়িত্ব পায়।
তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণমান নিয়ে নানা অভিযোগ ওঠে। এলাকাবাসীর দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন না করে মাঝেমধ্যেই কাজ বন্ধ রাখে। এতে করে সড়কের ইটের সলিং তুলে ফেলার পর দীর্ঘদিন ফেলে রাখা হয়, যা প্রথম বর্ষার বৃষ্টিতেই কাদামাটিতে পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “রাস্তার কাজ শুরু হওয়ার পর থেকে আমরা দুর্ভোগে আছি। আগে কোনোভাবে চলাচল করা যেত, এখন বৃষ্টি হলেই হাঁটাও দায় হয়ে যায়।”আরেক বাসিন্দা সেলিনা আক্তার বলেন, “স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। জরুরি সময়ে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না।”
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা এলজিইডি কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এদিকে এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাইমুল ইসলাম সাংবাদিকদের জানান “সড়কের কাজের মান নিয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত সড়কটির কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় বর্ষা মৌসুম জুড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
প্রতিনিধির নাম 



















