ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বিশেষ তল্লাশি অভিযানে একটি সাবমেশিনগান (এসএমজি), তাজা গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ মার্চ ২০২৬) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জিম্বংখালী বিওপির আওতাধীন নাফ নদী সংলগ্ন কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর দপ্তরের নির্দেশনায় জিম্বংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।
দুপুর আনুমানিক ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সীমান্ত পিলার বিআরএম–১৫ এর প্রায় ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে কোনো সন্ত্রাসীর উপস্থিতি পাওয়া যায়নি। তবে পরিত্যক্ত অবস্থায় একটি মিয়ানমারে তৈরি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 















