গাজীপুরে ৪০০ বছরের পুরোনো — গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ৪০০ বছরের পুরোনো একটি বিরল চড়ুল গাছের আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই আগুন ধরিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
গত রবিবার ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের প্রাচীন গাছটিতে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
গাছটির মালিকানা দাবি করা স্থানীয় বাসিন্দা হাসিম মুন্সি জানান, তার দাদা এই গাছটি তার বাবাকে দিয়ে গেছেন। তিনি বলেন, “গাছটির নিচে মানুষ বিশ্রাম নিত। এটি আমার আধা বিঘা জমিতে থাকা একটি গাছ। আমরা এটিকে চড়ুল গাছ নামে চিনি। কখনো গাছটির একটি ডালও কাটিনি।”
হাসিম মুন্সি আরও বলেন, ভোরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে গাছের কাছে গিয়ে আগুন জ্বলতে দেখেন। তিনি মনে করেন, কেউ পরিকল্পিতভাবে গাছের নিচে অন্য কোনো জ্বালানি দিয়ে আগুন ধরিয়েছে। তিনি বলেন, “যারা গাছে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, স্থানীয় লোকজন ও মুরুব্বিদের কাছ থেকে জানা গেছে, গাছটির বয়স ৪০০ বছরের বেশি। তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাছটি আর বাঁচার মতো অবস্থায় নেই। কীভাবে আগুন লাগল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।”
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন জানান, মুরুব্বিদের কাছ থেকে তিনি শুনেছেন, একসময় এই গাছের নিচে হাতি কেনাবেচা হতো। গাছটি এলাকার মানুষের কাছে ঐতিহ্য ও স্মৃতির প্রতীক হিসেবে পরিচিত। তিনি বলেন, “কয়েক প্রজন্মের স্মৃতি জড়িয়ে থাকা গাছটি এভাবে পুড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।”
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন জানান, চড়ুল গাছটি বিরল প্রজাতির। তিনি বলেন, “এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা গাছটির নিরাপত্তা ও এর ইতিহাস রক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 























