বন্দে ভারত স্লিপার ট্রেনযাত্রায় — ট্রেনযাত্রা বহু মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ছুটির দিনে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার সময় ট্রেনের সফর অনেকের কাছে স্মরণীয় হয়ে থাকে। যাত্রাপথে সহযাত্রীদের সঙ্গে গল্প করা, জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখা এবং খাবার ভাগ করে খাওয়ার অভিজ্ঞতা ট্রেনযাত্রাকে বিশেষ করে তোলে।
এবার সেই চেনা ট্রেনযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে বন্দে ভারত স্লিপার। সম্প্রতি চালু হওয়া এই ট্রেনে আধুনিক সুযোগ-সুবিধা এবং যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে ট্রেনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে বিমানযাত্রার কিছু বৈশিষ্ট্য।
সম্প্রতি এক মহিলা যাত্রী সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বেঙ্গালুরু থেকে মুম্বাইগামী বন্দে ভারত স্লিপারের প্রথম শ্রেণির কামরার ভেতরের দৃশ্য দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায়, লাল ও রুপোলি রঙের বিশেষ নকশার ট্রেনটি স্টেশনে এসে পৌঁছাচ্ছে। ট্রেনে ওঠার পর যাত্রীদের চোখে পড়ে আধুনিক সাজসজ্জা এবং পরিচ্ছন্ন পরিবেশ।
প্রথম শ্রেণির কামরার পরিচ্ছন্নতা বিশেষভাবে নজর কেড়েছে ওই যাত্রীর। পরিষ্কার করিডর পেরিয়ে কেবিনে ঢুকতেই দেখা যায়, যাত্রীদের ব্যক্তিগত পরিসর ও আরামের কথা মাথায় রেখে সাজানো হয়েছে কামরাগুলি। বার্থে রয়েছে বিছানার ব্যবস্থা এবং উষ্ণ রঙের আসবাব। কেবিনে পর্দা থাকায় সফরের সময়ে যাত্রীরা কিছুটা ব্যক্তিগত পরিসর তৈরি করতে পারেন।
কামরার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য রেলকর্মীরা যথেষ্ট সচেতন। ভিডিওতে দেখা যায়, এক কর্মী কামরা পরীক্ষা করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিক রয়েছে কি না, তা নিশ্চিত করছেন।
বন্দে ভারত স্লিপারের পরিষেবায় বিমানযাত্রার ছোঁয়া পাওয়া যাচ্ছে আরও একটি ক্ষেত্রে। সাধারণভাবে বোতল থেকে পানি দেওয়ার বদলে, কামরার কর্মীকে ছোট ট্রলির মাধ্যমে পানি পরিবেশন করতে দেখা যায়, যা বিমানযাত্রার পরিষেবার মতো।
ভিডিওতে বন্দে ভারত স্লিপারের খাবার পরিবেশনের ছবিও দেখা যায়। যাত্রীদের প্যাকেটজাত খাবার ও পানীয় দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে উপমা, নারকেলের চাটনি, জুস এবং চা অথবা কফি। কেবিনের মধ্যে মালপত্র রাখার জায়গা ও শোওয়ার ব্যবস্থা থাকলেও যাত্রীদের অস্বস্তি না হওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রেনের শৌচাগারও ভিডিওতে দেখানো হয়েছে। সাদা রঙের পরিচ্ছন্ন অন্দরসজ্জা, আধুনিক সরঞ্জাম এবং পরিপাটি ব্যবস্থাপনা নজর কেড়েছে। সব মিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনটি শুধুমাত্র দ্রুত যাতায়াতের মাধ্যম নয়, বরং যাত্রীদের উন্নত পরিষেবা ও আরামদায়ক সফরের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে তৈরি হয়েছে।
প্রতিনিধির নাম 























