মোহাম্মদ রাসেল,টেকনাফ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ায় স্থানীয় তরুণ সমাজ ও সাধারণ মানুষের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মিঠাপানির ছড়ায় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান জাফর আহমদ।
এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সমাজে যারা বিভেদ সৃষ্টি করতে চায় বা ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
ইফতারের আগমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, উন্নয়ন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।
পরে কয়েকশত মানুষ একসঙ্গে বসে ইফতার করেন। এ সময় এলাকাজুড়ে এক আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সাধারণ মানুষের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, এমন আয়োজন সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজের এমন উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি, তরুণ সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 

















