পাভেলের বাসার নিচে নির্মাতার — ‘মিরাক্কেল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে শুটিংয়ে উপস্থিত না থাকার অভিযোগ তুলেছেন নাটক ‘হাঙামা’র লেখক ও পরিচালক মানসুর আলম নির্ঝর। এই অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নির্মাতা মানসুর আলম নির্ঝর জানান, শুটিংয়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার পরও পাভেলের অনুপস্থিতির কারণে কাজ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “এতে পুরো ইউনিটের প্রায় ৬০ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নাটকটির জন্য টিমের দুই মাসের প্রস্তুতি ও পরিশ্রম ব্যাহত হয়েছে।”
নির্ঝরের হিসাব অনুযায়ী, দুই দিনের শুটিং বন্ধ থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, “আমরা তার কাছে ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা দাবি জানাই।”
এছাড়া, নির্মাতা জানান, বিষয়টি ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করা হয়েছে। পাশাপাশি পাভেলের এলাকার সোসাইটি এবং পল্লবী থানাকেও বিষয়টি জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।
মধ্যরাতে শুটিং ইউনিটের সদস্যদের এভাবে অভিনেতার বাসার নিচে জড়ো হওয়া এবং সংবাদ সম্মেলন করার ঘটনাটি বিনোদন অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও বিনোদনভিত্তিক পেজ থেকে এই সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।
নির্মাতা মানসুর আলম নির্ঝর বলেন, “আমরা আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।” তিনি আরও জানান, পাভেলের অনুপস্থিতির কারণে ইউনিটের সদস্যদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
নির্মাতা জানান, ‘হাঙামা’ ধারাবাহিক নাটকে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে।
এদিকে, নির্মাতার অভিযোগের বিষয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রতিনিধির নাম 

























