মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত — ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত খুন, গুম, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ-এর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উচ্চপর্যায়ের টিম সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজন করবে। গণশুনানির মাধ্যমে অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যে কাজ করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
চিঠিতে আরও বলা হয়েছে, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলা এলাকায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি আহত-নিহত ও ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনজীবী সমিতি, রাজনৈতিক দল, জাতীয় প্রেসক্লাব, গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 






















