ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। টহলদল আঞ্জুমানপাড়া এলাকার বক্কর নামের এক ব্যক্তির বাড়ির পাশের এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কালো কাপড়ে মোড়ানো খাকি রঙের একটি প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৫ কাট অর্থাৎ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধির নাম 









