সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘এফটিএ’ (ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট) চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি সময় এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতির প্রভাবে বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ নিশ্চিত করা হবে যাতে তারা স্বস্তিতে ঈদ উদ্যাপন করতে পারেন।
এদিকে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো অগ্রাধিকার দিতে নির্দেশ দিয়েছেন। সিলেট অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ ও হাওরে বাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল যা দূর করা একটি বড় চ্যালেঞ্জ। তবে জনস্বার্থে নেওয়া কাজগুলো দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের চেষ্টা চলছে।
অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার কাজ করছে।
প্রতিনিধির নাম 

























