ইলিয়াস আলী গুমের ঘটনায় — বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ নতুন করে সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে এক সাক্ষীর জবানবন্দিতে কথিত একটি ফোনালাপের উল্লেখ করা হয়েছে। সেখানে জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’
২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন। একই সঙ্গে নিখোঁজ হন তার গাড়িচালক আনসার আলী। দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তাদের নিখোঁজ হওয়ার পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে ইলিয়াস আলীকে গুমের অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, শতাধিক গুম, খুন ও হত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য ও কথিত ফোনালাপে ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা এবং এতে জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস আদালতে জানান, তিনি একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। তার জবানবন্দিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান। সেখানে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে ইমরুল কায়েসের কিছু জানা ছিল না।
তিনি আরও জানান, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করছিলেন এবং টার্গেট ব্যক্তি কখন সেখানে আসবেন, তা জানতে চাইছিলেন। একপর্যায়ে তারা জানতে পারেন, সেদিন টার্গেট ব্যক্তি আসবেন না। পরে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর ইমরুল কায়েস নয় দিনের ছুটিতে চলে যান এবং ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে অপহৃত হয়েছেন।
ছুটি শেষে কর্মস্থলে ফিরে ইমরুল কায়েস র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক পরিবেশ দেখতে পান। তিনি সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে। এছাড়া, ফল-ইন বা রোল কলের সময় পরিবর্তন হয়েছে।
জবানবন্দিতে ইমরুল কায়েস উল্লেখ করেন, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন এবং অপর প্রান্তের ব্যক্তিকে তিনি বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’ এই কথোপকথন মামলার যুক্তিতর্কে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে জানান, জিয়াউল আহসান ফোনে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন এবং সেখানে তিনি বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে?’ রাষ্ট্রপক্ষের দাবি, কথোপকথনে ব্যবহৃত ‘গলফ’ শব্দটি অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহার করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ এই মামলায় জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। মামলায় গুম ও হত্যার অভিযোগের পক্ষে একাধিক সাক্ষীর জবানবন্দি এবং অন্যান্য তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
এদিকে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 






















