বার্ধক্য ঠেকিয়ে মানুষের আয়ু — মানুষের বার্ধক্য পুরোপুরি ঠেকানো সম্ভব হলে আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতে পারে বলে ধারণা দিয়েছেন সুইডিশ দার্শনিক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম। তিনি সম্প্রতি একটি পডকাস্টে এই মন্তব্য করেন, যেখানে তিনি সুপারইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্যবিরোধী গবেষণায় সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করেন।
বোস্ট্রমের মতে, যদি বিজ্ঞানীরা মানুষের শরীরে বার্ধক্যজনিত ক্ষয়প্রক্রিয়া বন্ধ করতে সক্ষম হন, তাহলে মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। তার এই ধারণা মানুষের আয়ু বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে, যদিও এটি কোনো পরীক্ষিত বৈজ্ঞানিক ফলাফল নয় বরং অনুমানের ভিত্তিতে গাণিতিক হিসাব।
বোস্ট্রমের ২০২৬ সালের গবেষণাপত্র ‘Optimal Timing for Superintelligence’-এ তিনি এই হিসাবের ব্যাখ্যা দিয়েছেন। তার যুক্তি অনুযায়ী, বয়স বাড়ার সঙ্গে মৃত্যুঝুঁকি যেভাবে দ্রুত বাড়ে, তা এড়ানো সম্ভব হলে একজন মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি সুস্থ তরুণ বয়সের কাছাকাছি থাকতে পারে।
তিনি উন্নত দেশগুলোর ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ মানুষের বার্ষিক মৃত্যুঝিকের হার বিবেচনায় নিয়েছেন, যা প্রায় শূন্য দশমিক শূন্য ৫ থেকে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ। উদাহরণ হিসেবে শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ মৃত্যুঝিক ধরে হিসাব করেছেন বোস্ট্রম।
বোস্ট্রমের হিসাব অনুযায়ী, যদি এই হার সারা জীবন অপরিবর্তিত থাকে, তাহলে প্রত্যাশিত অবশিষ্ট আয়ু প্রায় ১ হাজার ৪০০ বছর হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে, এর অর্থ এই নয় যে মানুষ দুর্ঘটনা, সহিংসতা বা অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি থেকে মুক্ত থাকবে।
বোস্ট্রমের মতে, সুপারইন্টেলিজেন্ট এআই চিকিৎসা ও জীববিজ্ঞানের গবেষণাকে ব্যাপকভাবে ত্বরান্বিত করতে পারে। এর মাধ্যমে বিজ্ঞানীরা বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা আবিষ্কার, কোষ ও টিস্যুর বয়সজনিত ক্ষতি মেরামত এবং ক্যানসারের কার্যকর চিকিৎসা উদ্ভাবন করতে সক্ষম হবেন।
বর্তমানে মানব ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা মানুষ ফ্রান্সের জ্যাঁ কালমঁ, যিনি ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন এবং ১৯৯৭ সালে মারা যান। বোস্ট্রমের প্রস্তাবিত ১ হাজার ৪০০ বছরের সম্ভাব্য আয়ু মানব ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডের ১১ গুণেরও বেশি।
তবে, বার্ধক্য দূর করা এবং মানুষের মৃত্যুঝুঁকি কমানোর প্রযুক্তি এখনো বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। ফলে ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার ধারণাটি আপাতত ভবিষ্যৎ প্রযুক্তি ও বৈজ্ঞানিক সম্ভাবনার একটি তাত্ত্বিক হিসাব হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিনিধির নাম 






















