ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় কক্সবাজার জেলা পুলিশ লাইনসসহ জেলার সকল থানা, পুলিশ ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনায় একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), পুলিশ পরিদর্শক, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনে কক্সবাজার জেলা পুলিশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সরকারি জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, “পরিবেশ রক্ষা করা শুধু সরকারের নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তি তৈরি করে। কক্সবাজার জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমানভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই, প্রত্যেক নাগরিক অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিক। তাহলেই একটি সবুজ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণ একটি চলমান সামাজিক আন্দোলন। জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে শুধু গাছ লাগানো নয়, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতেও জেলা পুলিশ বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে।”
কর্মসূচি শেষে উপস্থিত কর্মকর্তারা দেশবাসীর প্রতি বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান। কক্সবাজার জেলা পুলিশের এ উদ্যোগকে পরিবেশ সংরক্ষণে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধির নাম 


















