মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬ জনে। এর মধ্যে ৪৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন অফিস যশোরের ২২ আগস্ট প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরে এ পর্যন্ত যশোরের অভয়নগরে ৩২৬ জন, বাঘারপাড়ায় ২৭ জন, ঝিকরগাছায় ২০ জন, কেশবপুরে ৪৮ জন, মনিরামপুরে ১১ জন,শার্শায় ১৫ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে,বর্তমানে হাসপাতালে ভর্তি ৩৫ জন রোগীর মধ্যে অভয়নগরে ১৯ জন, বাঘারপাড়ায় ২৭ জনের তথ্যসহ অন্যান্য প্রতিষ্ঠানে রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ৪৮৯ জন ছাড়পত্র পেয়েছেন এবং ২ জনকে রেফার্ড করা হয়েছে।
প্রতিনিধির নাম 

















