খাগড়াছড়ির রামগড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী শামীম। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিসেস ইসমত জাহান তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি, এ পর্যন্ত গৃহীত সিদ্ধান্তসমূহ এবং চলমান বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর গৃহীত পরিকল্পনা এবং তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচন চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, গুজব রোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করে তা নিরসনে করণীয় নির্ধারণ করা হয়। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, কেন্দ্রগুলোর মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সাধন এবং ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী শামীম বলেন,“একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে সকল সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।”তিনি নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সাইফুল ইসলাম (খাগড়াছড়ি প্রতিনিধি) 




















