মনির হোসেন, যশোর প্রতিনিধি:বিচারিক কার্যক্রম আরও গতিশীল করতে যশোরে পৃথক একটি শিশু আদালতের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৫ম তলায় ফিতা কেটে এ আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।
ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের সহায়তায় শিশু আদালতটি স্থাপন করা হয়েছে। এর আগে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও যশোরের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।
কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এস এম মোর্শেদ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম শিশু বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য তুলে ধরেন।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও থানার কার্যক্রম সংশ্লিষ্ট আইনগত দিকনির্দেশনাও প্রদান করেন। পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক। শিশুর আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিকল্প পরিচর্যা বিষয়ে আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান। কর্মশালায় ৩০ জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।
প্রতিনিধির নাম 



















