ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:সীমান্ত এলাকা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব না হলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) রাতে টেকনাফ পৌরসভার কচুবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান কচুবনিয়া এলাকায় প্রবেশ করবে। পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় টেকনাফ বিওপির সদস্যরা এলাকায় কৌশলগত অবস্থান নেন।
রাত আনুমানিক ৮টার দিকে এক ব্যক্তি একটি ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে আটক করতে ধাওয়া দিলে তিনি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান।
পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬ হাজার ১২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, তাৎক্ষণিক ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে মাদক পাচারের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















