মোহাম্মদ রাসেল মির্জা, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার লবণঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১৯ এপ্রিল) সকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান লবণঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ এলাকা থেকে আনুমানিক ১ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটে বিজিবির সদস্যরা সেখানে গোপনে অবস্থান নেন।
এর প্রায় ১০ মিনিট পর মিয়ানমার থেকে আসা চোরাকারবারীরা নৌকাযোগে ইয়াবার চালান এনে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। ওই ব্যক্তি ইয়াবার ব্যাগ নিয়ে কেওড়া বাগান অতিক্রম করে বেড়িবাঁধে ওঠার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া দেন।
এ সময় অভিযুক্ত ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি নাফ নদীতে ফেলে সাঁতরে কেকে খাল পার হয়ে পাশের কাউকখালী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় দুটি প্যাকেট থেকে মোট ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















