পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ইং (বালক ) এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকাল ৪টায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল’কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলার শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম (১২ পটিয়া) আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার। শ্রেষ্ঠ গোলদাতা নির্বাচিত হন মো. সিফাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর, জুবায়েত খান ও বিষু দে, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর,বিএনপি নেতা গাজী আবু তাহের, তৌহিদুল আলমসহ আরোও অনেকে। দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন প্রসঙ্গে বিদ্যালয় এডহক কমিটির সদস্য মুহাম্মদ দিদারুল আলম বলেন,শিক্ষা, শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে সঙ্গে খেলাধুলায়ও বিশেষ পারদর্শিতা অর্জন করতে হবে,তাহলেই প্রকৃত সাফল্য আসবে, প্রাথমিক পর্যায় থেকেই স্কুলে খেলাধুলার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আমাদের মনে রাখতে হবে, সুস্থ-সবল জাতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই, শিশুদের নিরস পাঠের চেয়ে আনন্দের মাধ্যমে যদি পাঠদান করা যায়, পড়াশোনাকে প্রাণবন্ত ও উপভোগ্য করার জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ ।
প্রতিনিধির নাম 


















