ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবাসহ মো. হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৬৪ বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং বিওপির আওতাধীন কোনাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় মিয়ানমার দিক থেকে একটি নৌকায় জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হলে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন।
পরে তাঁর প্যান্টের পকেটে থাকা খাকি রঙের প্যাকেট থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিনিধির নাম 








