আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার — ২০২৪ সালের জুলাই গণহত্যার বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যডভোকেট হাসনাত কাইয়ূম। তিনি বলেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে আগে আইনের মুখোমুখি হতে হবে। জোর করে সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।
শনিবার (২১ নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণহত্যার দ্রুত বিচার, সহিংসতার বিপরীতে জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস বাংলাদেশ, জনরাষ্ট্র আন্দোলন ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপি)-এর যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাসনাত কাইয়ূম বলেন, গোপালগঞ্জে থানা ও হাসপাতালে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। হাসপাতাল যুদ্ধের সময়ও আক্রমণের বাইরে রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে বিএনপির দুজন নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
নড়াইলে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলার প্রচারণারও সমালোচনা করেন হাসনাত কাইয়ূম। তিনি বলেন, একজন হিন্দু নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিন্দনীয়। সরকারের মদদে কিংবা সরকারি ক্ষমতা ব্যবহার করে কোনও আসামির বাড়িতেও হামলা বা অগ্নিসংযোগ করা যায় না। তবে বিচ্ছিন্ন ওই ঘটনাকে দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করারও নিন্দা জানান তিনি।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে হাসনাত কাইয়ূম বলেন, গত ১৭ বছরে মানুষ গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন, লুটপাটের বিচার এবং গণতান্ত্রিক ব্যবস্থার দাবি জানিয়েছিল। কিন্তু এসব দাবির বিপরীতে মানুষকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের কোনও সুযোগ নেই।
তিনি বলেন, আওয়ামী লীগকে প্রথমে বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। বিচারের মধ্য দিয়ে অপরাধের দায় থেকে মুক্ত হওয়ার পরই নাগরিক অধিকার ভোগের প্রশ্ন আসতে পারে। জোর করে, সন্ত্রাস ও অগ্নিসংযোগের মাধ্যমে রাজনীতিতে ফেরার চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না।
নতুন রাজনৈতিক ঐক্যের বিষয়ে হাসনাত কাইয়ূম বলেন, বড় রাজনৈতিক দলগুলোর বাইরেও ৫টি ছোট দল ও সংগঠনকে নিয়ে নতুন ঐক্যের সূচনা হয়েছে। এই ঐক্য রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের মৌলিক অধিকার ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে কাজ করবে। অভ্যুত্থানের বিজয়ের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত এ ঐক্য আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শুধু শেখ হাসিনাকে পরাজিত করলেই ফ্যাসিবাদ দূর হবে না, অবসান ঘটাতে হবে ফ্যাসিবাদী শাসনব্যবস্থারও। অতীতের শাসকেরা যে আইন, বিধিবিধান ও প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে দুঃশাসন চালিয়েছে, সেগুলো পরিবর্তন করে নতুন রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং রাষ্ট্রের ক্ষমতাকাঠামোয় ভারসাম্য প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু বর্তমানে সংস্কারের দাবি উপেক্ষিত হচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি ১৪০০ শহীদের হত্যাকারীদের বিচার করতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে স্বপন বলেন, কেবল রাজনৈতিক দল বা ব্যক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করলেই জাতীয় ঐক্য হবে না। জুলাই অভ্যুত্থানে শ্রমিক, কৃষক, মেহনতি ও পেশাজীবী মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। রাষ্ট্র সংস্কারের দাবিকে সামনে রেখে এসব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
প্রতিনিধির নাম 





















