সহায়ক এডুর সংবর্ধনায় ২০০ — দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম সহায়ক এডু। রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় সহায়ক এডুর টিম সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী হাফেজ কারি আবদুল্লাহ আল জাওয়াদ পবিত্র কোরআন তিলাওয়াত করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবন, উচ্চশিক্ষার সম্ভাবনা, ভবিষ্যৎ ক্যারিয়ার এবং শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সহায়ক এডুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল নোমান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানের প্রথম বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের ২৫ জানুয়ারি যাত্রা শুরু করা সহায়ক এডু অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি অর্জন করেছে।
বর্তমানে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রায় পৌনে তিন লাখ সাবস্ক্রাইবার, ফেসবুক পেজে প্রায় পৌনে পাঁচ লাখ অনুসারী এবং ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী যুক্ত রয়েছেন।
সহায়ক এডু বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পাশাপাশি এইচএসসি ও এসএসসি শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতি, অনলাইন ক্লাস, পরীক্ষা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা, ভর্তি-সংক্রান্ত তথ্য ও প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অর্জন উদ্যাপন, ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রাণিত করা এবং উচ্চশিক্ষার পথচলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রথম বছরের সাফল্যকে সামনে রেখে আগামীতে শিক্ষার্থীদের শিক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিধির নাম 
























