ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন চোরাকারবারি মাদকভর্তি পোটলা ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
আটক ব্যক্তি হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখাল গ্রামের বদিউজ্জামানের ছেলে জাকির হোসাইন (৩২)।
সোমবার (২২ জুন) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি কাটাখাল এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টার দিকে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জাকির হোসাইনকে আটক করা হয়।
অন্যদিকে তার সঙ্গে থাকা তিনজন চোরাকারবারি তাদের বহনকৃত পোটলা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মিয়ানমারের অভ্যন্তর থেকে বাংলাদেশের দিকে গুলি ছোড়া হলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো মোট ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাকির হোসাইন স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দেশের অভ্যন্তরে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সরবরাহকারী ও নেটওয়ার্ককে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রতিনিধির নাম 


















