ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি ও প্রাণনাশের হুমকি সংক্রান্ত মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় উক্ত ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি জিসান প্রকাশ আরবি উল হোসেন আরিফ (২১) গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে আইনের আওতায় আনতে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি জিসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিসান টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের (ওয়ার্ড-০৩) বাসিন্দা এবং তার পিতার নাম আজিজুল হক।
র্যাব জানায়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 


















