সাইফুল ইসলাম, রামগড় রামগপ্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর অভিযানে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৬ মাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মন্টু চাকমা ওরফে রনেল (২৮), পিতা সমির কান্তি চাকমা, গ্রাম পক্ষীমুড়া, সিন্দুকছড়ি; রাজু মার্মা ওরফে সাচিং (২২), পিতা মংহ্লা প্রু মারমা, গ্রাম যৌথ খামার, রামগড় এবং মোটরসাইকেল চালক সুইথোয়াই মারমা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউপিডিএফের ওই দুই সদস্য সাংগঠনিক কাজে যাওয়ার উদ্দেশ্যে সুইথোয়াই মারমার ভাড়াচালিত মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ৬ মাইল এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনায় মোটরসাইকেল চালক সুইথোয়াই মারমা আহত হন। পরে সেনাসদস্যরা অভিযান চালিয়ে মন্টু চাকমা, রাজু মার্মা এবং আহত সুইথোয়াই মারমাকে আটক করেন। আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।
অভিযানকালে আটক দুই ইউপিডিএফ সদস্যের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
পরে আটক ব্যক্তিদের রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা পাতাছড়া ইউনিয়নের বুধুংছড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে এক সন্ত্রাসী আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
প্রতিনিধির নাম 


















