ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় হোছেন আলী নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) গভীর রাত ২টার দিকে নোয়াখালী পাড়ার সাইক্লোন সেন্টারের পাশের নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অপহৃত হোছেন আলী স্থানীয় মৃত রহমান আলীর ছেলে।
স্বজনদের দাবি, একদল সশস্ত্র ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। পরে হোছেন আলীকে ঘর থেকে ডেকে বের করে পাহাড়ের দিকে নিয়ে যায়। ঘটনার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীর স্বজনরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে।”
স্থানীয় সূত্র বলছে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 


















