দইয়ের পুষ্টিগুণ ৫টি উপকারিতা — দই খেতে পছন্দ করেন অনেকেই। তবে সুস্বাদু এই দুগ্ধজাত খাবারটি শুধুমাত্র হজমের জন্যই উপকারী নয়, বরং এটি হাড় মজবুত রাখা, পেশির শক্তি বাড়ানো এবং রোগ প্রতিরোধব্যবস্থাকে সহায়তা করতেও ভূমিকা রাখতে পারে। পুষ্টিগুণে ভরপুর দইয়ের উপকারিতার কথা জানিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি।
যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. সৌরভ শেঠি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে দইয়ের ৫টি স্বাস্থ্যগুণ তুলে ধরেছেন। তার সেই পোস্টের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির হেলথ ডেস্কে এসব উপকারিতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জীবন্ত উপকারী ব্যাকটেরিয়া বা লাইভ কালচারযুক্ত দই অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। দুধের তুলনায় দই হজম করাও অনেকের জন্য সহজ। কারণ দই তৈরির প্রক্রিয়ায় ল্যাকটোজের একটি অংশ ভেঙে যায়। পাশাপাশি এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া ল্যাকটোজ হজমে সহায়তা করে।
দই ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি১২-এর ভালো উৎস। এসব পুষ্টি উপাদান হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখতে এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।
দই রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে। কিছু ধরনের দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের সুরক্ষাব্যবস্থা ও শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধপ্রক্রিয়াকে সহায়তা করতে পারে।
দইয়ে রয়েছে প্রোটিন। এতে শরীরের প্রয়োজনীয় নয়টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডই পাওয়া যায়। এসব উপাদান পেশি মেরামত ও গঠনে সহায়তা করে। পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও ভূমিকা রাখে।
সাধারণ দইয়ের তুলনায় গ্রিক দইয়ে সাধারণত বেশি প্রোটিন থাকে। ডা. সৌরভ শেঠির মতে, চিনি ছাড়া সাধারণ গ্রিক দই হৃদ্স্বাস্থ্যের জন্যও ভালো খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। এক কাপ গ্রিক দইয়ে ব্র্যান্ড ও পরিবেশনের পরিমাণভেদে প্রায় ২০ গ্রাম প্রোটিন থাকতে পারে।
গ্রিক দই সাধারণ দইয়ের তুলনায় ঘন, ক্রিমের মতো মসৃণ এক ধরনের দই। এটি তৈরির সময় দই থেকে অতিরিক্ত পানি বা তরল অংশ (হুই) ছেঁকে ফেলা হয়। ফলে গ্রিক দইয়ে প্রোটিন ও ক্যালসিয়াম থাকায় এটি পেশি ও হাড়ের সুস্থতা বজায় রাখতে সহায়ক। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে পেশির শক্তি ধরে রাখতে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি এটি উপকারী হতে পারে।
তবে সব দইয়ের পুষ্টিগুণ এক নয়। অন্ত্রের স্বাস্থ্যের জন্য দই কিনতে গেলে প্যাকেটের গায়ে ‘লাইভ অ্যান্ড অ্যাকটিভ কালচারস’ লেখা আছে কি না, তা দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডা. সৌরভ শেঠি। এ ছাড়া অতিরিক্ত চিনি ছাড়া দই বেছে নেওয়াই ভালো।
প্রতিনিধির নাম 

























