বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য — বাংলাদেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগজনক। ২০১৮-১৯ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কারিগরি সহায়তায় একটি জাতীয় জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১৩.৬ শতাংশ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে। উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত শিশু-কিশোরদের ৯৪.৫ শতাংশ কোনো চিকিৎসা পায়নি। সহজভাবে বললে, মানসিক সমস্যায় আক্রান্ত প্রতি ১০ জন শিশু-কিশোরের মধ্যে ৯ জনের বেশি প্রয়োজনীয় চিকিৎসার বাইরে রয়েছে।
ডব্লিউএইচও’র ২০২৫ সালের প্রতিবেদনেও এই জরিপের তথ্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আমাদের কাছে এখনও নতুন কোনো পূর্ণাঙ্গ জাতীয় জরিপ নেই। শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনাও এই সংকটের একটি গুরুতর দিক। আঁচল ফাউন্ডেশন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে শিক্ষার্থীদের আত্মহত্যার তথ্য সংগ্রহ করেছে।
তাদের হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৫৩২, ২০২৩ সালে ৫১৩, ২০২৪ সালে ৩১০ এবং ২০২৫ সালে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ২০২৫ সালে আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের মধ্যে ১৯০ জন ছিল স্কুলের শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর ৬১.৮ শতাংশ ছিল ছাত্রী। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, ওই বছর আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের ৬৫.৭ শতাংশের বয়স ছিল ১৩ থেকে ১৯ বছরের মধ্যে।
আঁচল ফাউন্ডেশন মনে করে, ২০২৪ সালের সংখ্যা কমে যাওয়ার পেছনে জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার সময় সংবাদমাধ্যমে এ ধরনের খবর কম প্রকাশিত হওয়াও একটি কারণ হতে পারে। তবে সংখ্যা কমে যাওয়াকে পরিস্থিতির উন্নতি হিসেবে দেখার সুযোগ নেই। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, আঁচল ফাউন্ডেশনের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এটি সরকারি জাতীয় পরিসংখ্যান নয়, ফলে যেসব ঘটনা সংবাদমাধ্যমে আসেনি, সেগুলো এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।
শিক্ষার্থীদের মানসিক সংকটের পেছনে একাধিক কারণ কাজ করে। পড়াশোনার চাপ, পারিবারিক অশান্তি, সম্পর্কের সমস্যা, একাকিত্ব, সামাজিক অপমান এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এর মধ্যে উল্লেখযোগ্য। আঁচল ফাউন্ডেশনের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, ৭২টি আত্মহত্যার ঘটনার সঙ্গে পড়াশোনার চাপকে সংশ্লিষ্ট কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঘটনার মধ্যে ৭০.৮৩ শতাংশের শিকার ছিল ছাত্রী।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় জিপিএ-৫, কোচিং এবং ভালো ফলাফলের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক পরিবারে ধারণা তৈরি হয়েছে যে, পরীক্ষায় ভালো করতে না পারলে জীবনে সফল হওয়া যাবে না। এ ধরনের প্রত্যাশা শিশু-কিশোরদের ওপর বাড়তি চাপ তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবও উপেক্ষা করা যায় না। সেখানে অন্যের সাফল্য, জীবনযাপন ও অর্জনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রবণতা অনেক তরুণের মধ্যে হতাশা তৈরি করতে পারে।
সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং সামাজিক অপমানও তাদের মানসিক কষ্ট বাড়ায়। তবে এসব বিষয় নিয়ে বাংলাদেশে আরও গবেষণা প্রয়োজন। কারণ সমস্যার প্রকৃত ধরন ও ব্যাপ্তি না বুঝলে কার্যকর সমাধান বের করা কঠিন। এই সংকট মোকাবিলায় সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো— সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের সমাজে মানসিক সমস্যা নিয়ে এখনও অনেক ভুল ধারণা রয়েছে।
বহু পরিবার মনে করে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে সমাজে বদনাম হবে। কেউ কেউ সন্তানকে পাগল বলে আখ্যায়িত করার ভয়ে চিকিৎসা নিতে চান না। ফলে অনেক শিশু-কিশোর প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়। অথচ জ্বর হলে যেমন চিকিৎসকের কাছে যাই, মানসিক কষ্টের ক্ষেত্রেও চিকিৎসা ও সহায়তা নেওয়া জরুরি। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয়। এটি স্বাস্থ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমাদের মনে রাখতে হবে, মানসিক কষ্ট কোনো দুর্বলতা নয়। এটি স্বাস্থ্যের একটি বাস্তব সমস্যা এবং এর যথাযথ চিকিৎসা ও সহায়তা প্রয়োজন। তরুণ প্রজন্ম দেশের ভবিষ্যৎ। তাদের শুধু শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুললেই হবে না, মানসিকভাবেও সুস্থ ও আত্মবিশ্বাসী করে তুলতে হবে। আমরা যদি তাদের কথা না শুনি, তাদের কষ্টকে গুরুত্ব না দিই, তাহলে এই নীরব সংকট আরও গভীর হবে।
প্রতিনিধির নাম 

























