সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হয়রানির অভিযোগে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন চালককে সাময়িক বরখাস্ত এবং একজন লাইনম্যানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে স্থানীয় সিএনজি মালিক-শ্রমিক সমিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি চালকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। যাত্রীরা ভাড়া নিয়ে আপত্তি জানালে অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
গত ৩ জুন সিএনজি মালিক-শ্রমিক সমিতির কোষাধ্যক্ষ ও লাইনম্যান মোঃ আকবরের যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, অতিরিক্ত ভাড়া আদায় এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রতিবাদ করলে অনেক সময় অপমানজনক আচরণ ও হয়রানির শিকার হতে হয়। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, কার্যকর তদারকি ও প্রশাসনিক নজরদারির অভাবে সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হচ্ছে না। এর ফলে শিক্ষার্থী, নিম্নআয়ের মানুষ ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, “প্রতিদিন যাতায়াতে বাড়তি ভাড়া দিতে হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো খারাপ ব্যবহার করা হয়। সাধারণ মানুষ যেন জিম্মি হয়ে পড়েছে।”
এ বিষয়ে রামগড় সিএনজি মালিক-শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, “৩ জুনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঘটনার সঙ্গে জড়িত চারজন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট লাইনম্যানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে সংগঠনের বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো জানান, বারৈয়ারহাট-রামগড় রুটে নির্ধারিত ভাড়া ১২০ টাকা এবং রামগড়-খাগড়াছড়ি রুটে ২৪০ টাকা। এর বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 

















