সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় জমি দখল সশস্ত্র হামলা ও দুই কোটি টাকা চাঁদা দাবির প্রতিবাদে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।
বুধবার (৩ জুন) দুপুরে সাইনবোর্ড ট্রেড সেন্টার অফিসে ১১ জন জমির মালিকের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্ত আব্দুস সাত্তারকে ভূমিদস্যু আখ্যা দিয়ে তার অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাইনবোর্ড এলাকার খোর্দঘোষপাড়া মৌজায় তারা ১১ জন মিলে মোট ৮২.১৭ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। এর মধ্যে একটি মসজিদ নির্মাণের জন্য ৪ শতাংশ জমি রাখা হয়েছে। অভিযুক্ত আব্দুস সাত্তার পূর্বে সরকারি জায়গা লিজ নিয়ে ওই এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশন চালাতেন। সড়ক প্রশস্তকরণ কাজের জন্য সরকার সেটি উচ্ছেদ করলে, মানবিক কারণে তার মেশিনারিজ সাময়িকভাবে ভুক্তভোগীদের জমিতে রাখার অনুরোধ জানান। প্রতিবেশীর বিপদে জমির মালিকরা এতে সম্মতি দেন। কিন্তু পরবর্তীতে মেশিনারিজ সরিয়ে নিতে বললে তিনি তালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে ওই জমির মালিকানা দাবি করে বসেন।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি জবরদখল করতে সাত্তার সন্ত্রাসী আচরণ শুরু করেন এবং তার মেয়ের জামাই সেনাবাহিনীতে কর্মরত বলে দাবি করে ক্ষমতার ভয় দেখিয়ে জমির মালিকদের শায়েনস্তা করার হুমকি দেন। সর্বশেষ গত ২৭ মে জমির মালিকরা তাদের জায়গায় কাজ করতে গেলে সাত্তার ও তার সশস্ত্র দলবল তাদের ওপর হামলা চালায়। এ সময় পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় এবং ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। হামলাকারীরা সীমানার টিনশেড ভাঙচুর করে নিয়ে যায় এবং বেশ কয়েকজনকে আহত করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ভূমিদস্যু সাত্তারের হিংস্র থাবা থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মো. মেহেদী হাসান, শাহিন মিয়া, শাহনাজ পারভীন, আবু সায়েদ শিপনসহ ভুক্তভোগী জমির মালিকরা।
প্রতিনিধির নাম 















